থিংক বিগ, স্টার্ট স্মল, মুভ ফাস্ট : পলক

১২ জুন, ২০২১ ১১:১৩  
বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১ এর নির্বাচিত ৬৫টি স্টার্টআপদের নিয়ে অনলাইনে ৬ দিনের বুটক্যাম্প করছে আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প-আইডিয়া। শনিবার সকালে বুটক্যাম্পের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধান অতিথির বক্তব্যে নবীন উদ্যোক্তাদের বড় স্বপ্ন নিয়ে ছোট পরিসরে শুরু করে লক্ষ্য ছুঁতে ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পলক বলেন, সকল স্টার্টআপদের জন্য আমার একটা শেষ অনুরোধ- থিংক বিগ, স্টার্ট স্মল, মুভ ফাস্ট। বুটক্যাম্পে প্রত্যেক উদ্যোক্তাকেই নিরবে নজরে রাখা হবে জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে সতর্কতা ও মনযোগের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই ৬৫টি সাটার্টআপ আমাদের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতির জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে পলক আরো বলেন, পাঠাও-ট্রাক লাগবের মতো আগামী দিনের স্টার্টআপগুলো যেন দেশের সমস্যাগুলোর সমাধান করে, প্রয়োজন মিটিয়ে লক্ষ-লক্ষ, কোটি-কোটি তরুণ-তরুণীর আরো নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে সেটি আমাদের লক্ষ্য। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন- স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, আইডিয়া প্রকল্পের পরিচালক আব্দুর রাকিব, বেটার স্টোরিজ লিমিটেড এর চিফ স্টোরিটেলার মিনহাজ আনোয়ার, বিগ সমন্বয়ক সিদ্ধার্থ গোস্বামী প্রমুখ।